নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৫নং ধলামুলগাঁও ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায়, অনগ্রসর ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের বিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৬) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এবার ইউনিয়নের মোট ২ হাজার ৩৮৪ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ এলাকায় সকাল থেকেই উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খল পরিবেশে পর্যায়ক্রমে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকি করেন ৫নং ধলামুলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজুয়ানুর রহমান। স্থানীয়দের ভাষ্যমতে, চেয়ারম্যান রেজুয়ানুর রহমান দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সময়কাল থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন এবং অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এলাকাবাসী জানান, যে কোনো দুর্যোগ কিংবা সংকটময় পরিস্থিতিতে চেয়ারম্যান রেজুয়ানুর রহমানকে সবসময় জনগণের পাশে পাওয়া যায়। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য তার আন্তরিকতা ও মানবিক আচরণ ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত। ঈদকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে সরকারের এ সহায়তা পৌঁছে দিতে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেও জানান স্থানীয়রা।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আবুল মিয়া, ফজলুর রহমান, আং পনি মন্ডলসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় চেয়ারম্যান মো. রেজুয়ানুর রহমান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের প্রকৃত হতদরিদ্র মানুষের মাঝে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর পাশে থেকে উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
চাল নিতে আসা অনেক সুবিধাভোগী সরকারের পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, সঠিকভাবে তালিকা প্রণয়ন ও সুন্দর ব্যবস্থাপনার কারণে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা চাল গ্রহণ করতে পেরেছেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন ইউনিয়নে বিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্বধলার ৫নং ধলামুলগাঁও ইউনিয়নেও সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

0 মন্তব্যসমূহ